২০২৩ সালের জানুয়ারি থেকে ঢাকায় চীনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা ইয়াও ওয়েন আগামী ৩ অক্টোবর বাংলাদেশ ছাড়ছেন। বিদায়ের আগে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই চীনা কূটনীতিক।
এরই অংশ হিসেবে সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন তিনি।
সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে রোববার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কারণে পূর্বনির্ধারিত সময়ের একদিন পর সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাতের সময় এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী বুধবার (৩০ সেপ্টেম্বর) অথবা সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার এ সাক্ষাৎ হতে পারে।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, প্রচলিত রীতি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এরই মধ্যে চীনা রাষ্ট্রদূতকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
সাবেক রাষ্ট্রদূত লি জিমিংয়ের উত্তরসূরি হিসেবে ২০২৩ সালের জানুয়ারিতে ঢাকায় দায়িত্ব নেন পেশাদার কূটনীতিক ইয়াও ওয়েন। প্রায় তিন বছর নয় মাসের দায়িত্বকালে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ নানা পরিবর্তনের সাক্ষী হয়েছেন তিনি।
তার দায়িত্বকালেই ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান, শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং পরবর্তী রাজনৈতিক পরিবর্তন প্রত্যক্ষ করেন তিনি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শাসনামল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণও কাছ থেকে দেখেছেন এই চীনা কূটনীতিক।
এই সময়ে বাংলাদেশের তিন সরকারপ্রধান- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর করেছেন।
আগামী ৩ অক্টোবর ঢাকা ছাড়ার কথা রয়েছে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের। তার উত্তরসূরিও ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। শিগগিরই নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করবে ঢাকাস্থ চীনা দূতাবাস।
এদিকে, ইয়াও ওয়েনের দায়িত্বের শেষ সময়ে চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রাদেশিক কমিটির স্থায়ী কমিটির সদস্য কমরেড ঝাও জুনমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা সফর করছে। পাশাপাশি দ্বিপক্ষীয় সফরে চলতি বছরের শেষ দিকে ঢাকায় আসবেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।
রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দায়িত্বকালেই আলোচনার মাধ্যমে এ দুই সফরের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।
আরু|



