সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনের মাধ্যমে গ্রহণ করা হবে এবং তার হাতে হাতকড়া পরানো হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামে অসহায় বৃদ্ধা গোলাপী বেগমের জন্য দেওয়া উপহারের ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা ৩১ ডিসেম্বর কেন, কালকেই আসুন। আমরা আপনাকে আইনের মাধ্যমে রিসিভ করব। সঙ্গে থাকবে দুইটি হাতকড়া।’
তিনি বলেন, বিগত সরকারের সময়ে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। তার ভাষ্য, লুটপাটের সেই অর্থ ভোগ করার সুযোগ আর নেই এবং শেখ হাসিনা দেশে ফিরলে তার বিচার হবে।
৩১ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন বক্তব্যের প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসব কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে এবং এতে বিদেশে অবস্থানরত বা আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা উৎসাহিত হচ্ছে।
মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশের মানুষের ওপর যে অমানবিক আচরণ করা হয়েছে, তার বিচার দেশের মাটিতেই হবে। তিনি শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত সংশ্লিষ্টদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য প্রতিবেশী দেশের প্রতি আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ন হওয়ার ঘটনা এবং জনগণের অর্থ লুটের অভিযোগের সুষ্ঠু বিচার ও সমাধান করতে চায় সরকার।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরু|



