দীর্ঘ ৪০ বছর পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আগামী এক বছর তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের কার্যক্রমে সভাপতিত্ব করবেন।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে শুরু হয়েছে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, অধিবেশনের উদ্বোধনী প্লেনারি সভায় সভাপতিত্ব করেন খলিলুর রহমান। ৮১তম অধিবেশন ৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৭ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত চলবে।
এর আগে গত ২ জুন গোপন ব্যালটে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন খলিলুর রহমান। নির্বাচনে তিনি পান ৯৯ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকুরিস পান ৯১ ভোট। মোট ১৯০টি ভোট পড়েছিল; কোনো ভোট বাতিল বা বিরত ছিল না।
জাতিসংঘের আঞ্চলিক পর্যায়ক্রমিক ব্যবস্থায় সাধারণ পরিষদের সভাপতির পদটি প্রতি বছর পাঁচটি আঞ্চলিক গোষ্ঠীর মধ্যে ঘুরে আসে। ৮১তম অধিবেশনের সভাপতির পদটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত ছিল।
খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেলেন। এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের কূটনীতিক ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। জাতিসংঘের নথিতেও ১৯৮৬ সালের ৪১তম অধিবেশনের সভাপতি হিসেবে তার নাম রয়েছে।
নতুন সভাপতি হিসেবে খলিলুর রহমান এমন এক সময়ে দায়িত্ব নিলেন, যখন জাতিসংঘের সামনে বৈশ্বিক সংকট, বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার এবং নতুন মহাসচিব নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ৮১তম অধিবেশনের নির্ধারিত প্রতিপাদ্য- ‘Restoring Trust, Managing Transformation: A United Nations That Delivers for All’ , অর্থাৎ ‘আস্থা পুনরুদ্ধার, পরিবর্তন ব্যবস্থাপনা: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।
আরু|



