রাজধানীর সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের করিডোরে তিনটি সাপের উপস্থিতিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৯ তলার করিডোরে সাপগুলো দেখতে পান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই তলাতেই শিক্ষামন্ত্রী ও সচিবের কার্যালয় রয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, সচিবালয়ের করিডোরে সাপ দেখা যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন এবং ঘটনাটি সত্য।
প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান, সকালে অফিসে এসে তারা করিডোরে প্রথমে দুটি সাপ দেখতে পান। কিছুক্ষণ পর আরও একটি সাপ দেখা যায়। হঠাৎ করে সাপের উপস্থিতিতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কর্মচারীরা সাপগুলো মেরে ফেলেন।
তবে সাপগুলো কোন প্রজাতির, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সচিবালয়ের মতো সুরক্ষিত ও উঁচু ভবনের ১৯ তলার করিডোরে সাপের উপস্থিতিতে বিস্ময় প্রকাশ করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আশঙ্কা, ভবনের কোনো স্টোরেজ, গুদাম বা অন্য কোনো স্থানে আরও সাপ থাকতে পারে। এ কারণে অনেকের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে।
ঘটনাটি নিয়ে ভবনের সংশ্লিষ্ট স্থানে আরও তল্লাশি ও সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা।
আরু|



