গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুন না কেন, তাকে আগে কারাগারে যেতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ।
সোমবার (১৩ জুলাই) দুপুরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
শামা ওয়ায়েদ বলেন, আইন নিজস্ব গতিতে চলবে। শেখ হাসিনা আত্মসমর্পণ করলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে কারাগারে যেতে হবে।
তিনি বলেন, “শেখ হাসিনা ভারত বা বাংলাদেশ—যেখানেই আত্মসমর্পণ করুন, তাকে আগে জেলে যেতে হবে। দণ্ডপ্রাপ্ত কোনো আসামির বক্তব্য সরকারের বিবেচনায় নেওয়ার সুযোগ নেই।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, গত বছরের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় আইনি কার্যক্রম চলমান রয়েছে। সরকার তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কূটনৈতিক উদ্যোগের কথা জানিয়ে আসছে।
আরু/


