রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কুখ্যাত ‘পাটালি গ্রুপের’ সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত শামীম পাটালিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র এবং তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৮ জুন) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে সংঘবদ্ধ ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি এবং তথ্য-উপাত্ত বিশ্লেষণের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব-২। অভিযানে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ থাকা পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালিসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়।
অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংঘবদ্ধ ছিনতাই, সন্ত্রাসী কার্যক্রম এবং বিভিন্ন অপরাধ সংঘটনে এসব অস্ত্র ব্যবহার করা হতো।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয়, তাদের বিরুদ্ধে থাকা অভিযোগ, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের বিস্তারিত তথ্য এবং অভিযানের পেছনের গোয়েন্দা তথ্য সম্পর্কে জানাতে রোববার দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে জানিয়েছে বাহিনীটি।
র্যাবের ভাষ্য, রাজধানীতে সংঘবদ্ধ অপরাধ, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আরু/


