রাজধানীতে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে আগামী ২৩ জুনকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরজুড়ে ব্যাপক পুলিশ মোতায়েন করা হচ্ছে।
রোববার (২১ জুন) রাতে ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ও প্রবেশপথগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাজুড়ে ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
ডিএমপির পরিকল্পনা অনুযায়ী, মহানগরের ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও বিশেষ পিকেটিং বসানো হবে। পাশাপাশি শহরের সব প্রবেশমুখে চলবে কড়া তল্লাশি অভিযান।
নিরাপত্তা কার্যক্রমে মাঠে থাকবে ডিএমপির বিভিন্ন বিশেষায়িত ইউনিট। এর মধ্যে গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। এছাড়া সাদা পোশাকে স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ইন্টারনাল অ্যাফেয়ার্স ডিভিশন (আইএডি) গোয়েন্দা নজরদারি জোরদার করবে।
জরুরি পরিস্থিতি মোকাবিলায় নগরীর বিভিন্ন স্থানে ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে ডিএমপির চারটি কন্ট্রোল রুমে রিজার্ভ ফোর্স স্ট্যান্ডবাই অবস্থায় থাকবে বলে জানানো হয়।
এদিকে চলমান বিশেষ অভিযানের তথ্য তুলে ধরে ডিএমপি জানায়, ১ থেকে ২০ জুন পর্যন্ত রাজধানীতে বিভিন্ন মামলায় উল্লেখযোগ্য সংখ্যক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজনৈতিক মামলায় ৮২ জন, ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় ২৮ জন, চুরি মামলায় ১২১ জন, দস্যুতায় ১১৩ জন, ডাকাতি মামলায় ১২০ জন এবং চাঁদাবাজির ঘটনায় ৫৫ জনকে আটক করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে।
আরু/



