চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তানভীরুল ইসলামের (২৬) মৃত্যু হয়েছে। বিষপানের পর অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে তাঁর মৃত্যু হয়। জুলাই গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত এই নেতার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার টেক্সটাইল এলাকার একটি ভাড়া বাসায় অসুস্থ হয়ে পড়েন তানভীরুল। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। বুধবার রাতে বিষয়টি জানাজানি হয়।
তানভীরুল এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য এবং বায়েজিদ থানা কমিটির যুগ্ম সদস্য সচিব ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার হিলপাড়া গ্রামে। তাঁর বাবা মো. আবু ইউসুফ এবং মা তাসলিমা বেগম। তিনি চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল এলাকায় জামাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।
চট্টগ্রাম মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মইনুদ্দিন জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন তানভীরুল। তাঁর কোমরের এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। তিনি আহত জুলাইযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত ছিলেন।
আরিফ মইনুদ্দিনের ভাষ্য অনুযায়ী, গুলিবিদ্ধ হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন তানভীরুল। ক্ষতস্থানে সংক্রমণ দেখা দেওয়ায় তাঁকে নিয়মিত হাসপাতালে যেতে হতো। তীব্র ব্যথার কারণে স্বাভাবিকভাবে চলাফেরা করতেও তাঁর কষ্ট হতো।
এদিকে, তানভীরুলের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



