জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বিরোধী দলে যাওয়ার পর তাদের নেতাকর্মীরা অপকর্ম করার সুযোগ পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পাল্লা দিয়ে অপকর্মে জড়িয়ে পড়ছেন বলেও দাবি করেছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপি ও জামায়াত-শিবিরকে নিয়ে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসে এনসিপির নেতাকর্মী ও সমন্বয়কদের দাপট দেখা গেছে। প্রতিদিনই কোনো না কোনো নেতার কর্মকাণ্ড গণমাধ্যমে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁনের দাবি, শহীদ ওসমান হাদী এনসিপির তিনটি অপরাধ চিহ্নিত করেছিলেন।
এগুলো হলো- জুলাই ঐক্য বিনষ্ট করা, আওয়ামী লীগের মতো জুলাইকে কুক্ষিগত করা এবং দুর্নীতিতে জড়ানো।
তবে বর্তমানে এনসিপির ক্ষেত্রে এসব কর্মকাণ্ড তেমন দেখা যাচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, সরকারি দল থেকে বিরোধী দলে যাওয়ার পর এনসিপির নেতাকর্মীরা আর আগের মতো সুযোগ পাচ্ছেন না। সচিবালয় বা সচিবের কক্ষে গিয়ে ইচ্ছেমতো কর্মকাণ্ড করার সুযোগও নেই। তার মতে, সুযোগ না থাকায় তাদের সৎ মনে হচ্ছে, যা এক অর্থে ভালো।
অন্যদিকে জামায়াত-শিবিরের বিষয়ে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন রাশেদ খাঁন। তার ভাষ্য, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের এত অপকর্ম গণমাধ্যমে আসেনি। কিন্তু বর্তমানে তাদের নেতাকর্মীরা পাল্লা দিয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছেন।
তিনি বলেন, কেউ কেউ এমন মন্তব্যও করছেন সরকারি দলের নেতাকর্মীদের যেখানে ক্ষমতার অপব্যবহার করার কথা, সেখানে প্রধান বিরোধী দলের নেতাকর্মীরাই বেপরোয়া হয়ে উঠছেন। বিরোধী দলে থেকেই যদি তারা এমন আচরণ করেন, তাহলে ক্ষমতায় গেলে আওয়ামী লীগকেও ছাড়িয়ে যেতে পারেন।
তবে এমন মন্তব্যের সঙ্গে তিনি একমত নন জানিয়ে রাশেদ খাঁন সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান। দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার পাশাপাশি সরকারি ও বিরোধী দলের ছয় মাসের কর্মকাণ্ড মূল্যায়নের মাধ্যমে দেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আরু|



