চলতি মাসের শেষ সপ্তাহেই প্রকাশ হতে পারে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে। তবে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ এখনো নির্ধারিত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ জুলাই। পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ৮ আগস্ট। তবে প্রাকৃতিক দুর্যোগ ও বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি পরীক্ষা পিছিয়ে যায়।
বিশেষ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত লিখিত পরীক্ষাগুলো পরে অনুষ্ঠিত হয়। এ বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীর জন্য সারা দেশে কেন্দ্র ছিল ২ হাজার ৬৯৭টি।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকা বোর্ডে। এ বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ৩৯৩ জন শিক্ষার্থী। অন্যদিকে রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোর বোর্ডে ১ লাখ ১৭ হাজার ২১০ জন এবং দিনাজপুর বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন পরীক্ষার্থী ছিল।
এ ছাড়া চট্টগ্রাম বোর্ডে ৯৯ হাজার ৬৮৮ জন, কুমিল্লা বোর্ডে ৯৪ হাজার ৮০২ জন, ময়মনসিংহ বোর্ডে ৭৩ হাজার ৩৭ জন, সিলেট বোর্ডে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশাল বোর্ডে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষায় অংশ নেয়।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
সব মিলিয়ে এখন ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন লাখো শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোন দিন ফল প্রকাশ করা হবে, তা জানতে শিক্ষা মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।
আরু|



