নেপালে টানা ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি। এ অবস্থায় বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক করেছে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস।
নেপালের বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৭ জন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ১ হাজার ১০০ জনের বেশি মানুষ।
বিশেষ করে মানাংয়ের চামে, পিসাং ও আশপাশের এলাকায় পরিস্থিতি উদ্বেগজনক। বন্যা ও ভূমিধসে সড়ক, সেতু ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। চামে এলাকায় পাঁচটি বাড়ি ভেসে গেছে এবং দুটি গুরুত্বপূর্ণ কাঠের সেতু ধ্বংস হয়েছে।
এরই মধ্যে মানাংয়ের তিলিচো লেক, থরং লা, আইস লেক, কাং লা ও ভীমথাং এলাকায় ট্রেকিং স্থগিত করা হয়েছে। একই সঙ্গে অন্নপূর্ণা, মানাসলু ও খুম্বু অঞ্চলের ট্রেকারদেরও সতর্ক করা হয়েছে।
এ ছাড়া পোখারা, মুস্তাং ও জমসমের মতো পাহাড়ি এলাকায় যাওয়ার আগে সড়ক ও আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি যাচাই করতে বলা হয়েছে। ভারী বৃষ্টিতে বেনি-জমসম-কোরালা সড়কের একটি সেতু ভেসে যাওয়ায় মুস্তাংয়ের সঙ্গে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়েছে।
দূতাবাসের পরামর্শ, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ এড়িয়ে চলুন।
যারা ইতোমধ্যে এসব এলাকায় আছেন, তারা নিরাপদ স্থানে থাকুন, নদীর তীর ও ভূমিধসপ্রবণ এলাকা এড়িয়ে চলুন এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলুন।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী পরবর্তী তথ্য জানাবে।
আরু|



