আগামী ২৬ আগস্ট বুধবার বাংলাদেশে যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিবসটি উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার।
বুধবার (১৯ আগস্ট) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়। এর আগে ১৩ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় জাতীয় কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
থাকবে রাষ্ট্রীয় বাণী ও জাতীয় পতাকা
কর্মসূচির অংশ হিসেবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দেবেন। এদিন দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং সশস্ত্র বাহিনীর সব স্থাপনায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড, লাইটপোস্ট ও প্রধান সড়কগুলো জাতীয় পতাকা, রঙিন পতাকা এবং ‘কালিমা তায়্যিবা’ লেখা ব্যানারে সজ্জিত করা হবে।
মসজিদে মসজিদে দোয়া মাহফিল
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাদেশ সচিবালয় মসজিদসহ দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা এবং সশস্ত্র বাহিনী নিজ নিজ এলাকায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।
ইসলামিক ফাউন্ডেশনের নানা আয়োজন
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াজ মাহফিল, সেমিনার ও টকশো প্রচারের পাশাপাশি কিরাত, হামদ-নাত, স্বরচিত কবিতা পাঠ এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। এছাড়া আরবি ভাষায় খুতবা রচনা প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে।
দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামিক বইমেলার আয়োজনও থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানেও আলোচনা ও প্রতিযোগিতা
বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান, জেলা শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন, ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়, ঢাকা ও জেদ্দা হজ অফিসসহ সংশ্লিষ্ট ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এসব আয়োজনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ, ইসলামের শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্বভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা নিয়ে আলোচনা সভা, দোয়া, হামদ-নাত, কবিতা পাঠ, সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
শিশুদের জন্য বাংলাদেশ শিশু একাডেমি আয়োজন করবে বিশেষ হামদ-নাত, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা।
হাসপাতাল-কারাগারেও বিশেষ আয়োজন
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের সব সামরিক ও বেসামরিক হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু সদন, আবাসিক শিশু বিকাশ কেন্দ্র ও প্রবীণ নিবাসে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে।
থাকবে বিশেষ আইনশৃঙ্খলা ব্যবস্থা
সারাদেশে ঈদে মিলাদুন্নবী (সা.) সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে।
উল্লেখ্য, জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৪ আগস্ট সফর মাস ৩০ দিন পূর্ণ হওয়ার পর ১৫ আগস্ট থেকে ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়। সে হিসাবে ১২ রবিউল আউয়াল, ২৬ আগস্ট বুধবার দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
আরু|



