খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় বিএনপির ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১০ জুন) রাতে গুইমারার বড়পিলাক ও বাইল্যাছড়ি এলাকায় পৃথক এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের মধ্যে রয়েছেন- হাফছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির, বাইল্যাছড়ি এলাকার ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাবু, বড়পিলাক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন, সদস্য জাহাঙ্গীর আলম রনি, যুবদল কর্মী মামুন ও মাহবুব আলম।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়পিলাক এলাকার মো. হাশেমের বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন এমন খবর পেয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে পাঁচজন আহত হন বলে জানা গেছে।
অন্যদিকে একই সময় বাইল্যাছড়ি এলাকায় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. বাবুর ওপর বাপ্পি ত্রিপুরা নামে এক ছাত্রলীগ কর্মী হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। পরে তাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এ হামলায় জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
আরু/


