ভারতের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যে তরুণদের বিক্ষোভ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেছেন, যত পুলিশ মোতায়েন করা হোক কিংবা যত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হোক, আন্দোলন থেকে পিছু হটবে না বিরোধীরা।
শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাহুল।
তিনি বলেন, মোদি সরকার চাইলে ১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার পুলিশ মোতায়েন করতে পারে।
বিরোধী নেতাদের পাশাপাশি তরুণদেরও গ্রেপ্তার করা হতে পারে। তবু আন্দোলন থামানো যাবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।
রাহুল গান্ধী আরও দাবি করেন, এক দশকেরও বেশি সময় ধরে তিনি প্রধানমন্ত্রী মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে রাজনৈতিক লড়াই চালিয়ে আসছেন।
তার অভিযোগ, প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএস প্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল রাজনৈতিক চাপে পড়ছেন।
এদিকে, দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভ ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিতর্কিত ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে এই আন্দোলন জোরালো হয়েছে।
বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা থেকে বিপুলসংখ্যক নাম বাদ দেওয়ার ফলে নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি সুবিধা পেয়েছে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।
বিক্ষোভ দমনে দিল্লিতে দুই হাজারের বেশি মানুষকে আটক করার খবর জানিয়েছে রয়টার্স। এমন পরিস্থিতিতে তরুণদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে রাহুল গান্ধী বলেছেন, বিরোধীরা সংবিধান রক্ষা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরতে লড়াই চালিয়ে যাবে।
আরু|



