ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে দীর্ঘ বিক্ষোভের পর আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র।
মঙ্গলবার সকালে পার্লামেন্ট থেকে নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল বের করেন কংগ্রেসসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা। পথে পুলিশ তাদের আটকে দিলে আকাশবাণী ভবনের কাছে অবস্থান নেন তারা। প্রায় ৯ ঘণ্টা ধরে চলে এই অবস্থান কর্মসূচি।
বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। একই সঙ্গে তারা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করার সুযোগ এবং তার পদত্যাগ দাবি করেন।
পুলিশের বাধার মুখে রাহুল গান্ধীকে ব্যারিকেডের ওপর উঠে জাতীয় পতাকা হাতে প্রতিবাদ করতেও দেখা যায়। পরে রাহুল ও প্রিয়াঙ্কাসহ একাধিক বিরোধী নেতাকে পুলিশ আটক করে বাসে তুলে উত্তর দিল্লির কিংসওয়ে ক্যাম্পের দিকে নিয়ে যায়।
এর আগে দুপুরেও রাহুল ও প্রিয়াঙ্কাকে সাময়িকভাবে পুলিশ বাসে তোলা হয়েছিল। পরে তারা আবার বিক্ষোভস্থলে ফিরে অবস্থান কর্মসূচিতে যোগ দেন।
বিক্ষোভ চলাকালে রাহুল গান্ধী প্রশ্ন তোলেন- জনপ্রতিনিধিরা যদি নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে না পারেন, তাহলে গণতন্ত্রের অর্থ কী?
তবে নির্বাচন কমিশন বলছে, মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত তাদের কাছে বৈঠকের কোনো আনুষ্ঠানিক অনুরোধ পৌঁছায়নি। পরে সংসদ সদস্যদের একটি প্রতিনিধিদলের বৈঠকের প্রস্তাব এলে কমিশন জানিয়েছে, প্রচলিত নিয়ম অনুযায়ী এ ধরনের বৈঠক নির্বাচন কমিশনের কার্যালয়েই হওয়ার কথা।
এদিকে বিরোধীদের অভিযোগ ও নির্বাচন কমিশনের বক্তব্য ঘিরে ভারতের রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে।
আরু|



