ভয়াবহ আকস্মিক বন্যার ধাক্কা সামলে উঠতে না উঠতেই আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল।
মঙ্গলবার রাতে দেশটিতে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের ন্যাশনাল সেন্টার অব সিসমোলজি এবং ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ৯টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৪৩ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের সময় নেপালের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে মাত্র দুই সপ্তাহ আগে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশটিতে নতুন করে এই ভূমিকম্প আতঙ্ক তৈরি করেছে।
গত ২৬ আগস্ট নেপালের উত্তরাঞ্চলীয় রাসুয়া জেলার ভোতে কোশি নদী ও এর শাখা লেহন্দে নদী এলাকায় বরফ-পাথরের ধস ও হিমবাহসংক্রান্ত ঘটনায় ভয়াবহ আকস্মিক বন্যা দেখা দেয়। পানির সঙ্গে বিপুল পরিমাণ কাদা, পাথর ও ধ্বংসাবশেষ নেমে এসে নেপাল ও তিব্বতের বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত করে।
বন্যায় রাস্তা, সেতু, বাড়িঘর ও জলবিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বহু মানুষ নিখোঁজ হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ যোগাযোগব্যবস্থাও ভেঙে পড়ে।
এখনও বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চলছে। বিশেষ করে কাদা ও ধ্বংসাবশেষে আটকে পড়া জলবিদ্যুৎ প্রকল্পের কর্মীদের উদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে। মঙ্গলবারের হিসাবে নেপাল ও তিব্বত মিলিয়ে মৃতের সংখ্যা প্রায় ১ হাজার ৪০০-তে পৌঁছেছে এবং ৫ হাজারের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
এর মধ্যেই নতুন করে ভূমিকম্প হওয়ায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমের ওপর বাড়তি চাপ তৈরি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আরু|



