উরুগুয়েতে গৃহপালিত পাখির মধ্যে এইচ৫ বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হওয়ার পর দেশজুড়ে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে সরকার।
শনিবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোলোনিয়া বিভাগে একটি খামারে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব শনাক্ত করা হয়েছে। প্রাথমিক র্যাপিড টেস্টে ভাইরাসের উপস্থিতি ধরা না পড়লেও পরে সরকারি ল্যাবরেটরি পরীক্ষায় এইচ৫ ভাইরাস শনাক্ত হয়।
সংক্রমণ ঠেকাতে আক্রান্ত খামারসহ অনিবন্ধিত ও গৃহপালিত পাখির চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে পাখির মেলা, নিলাম ও জনসমক্ষে প্রদর্শনী সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বন্য পাখির সংস্পর্শ এড়াতে গৃহপালিত ও খামারের পাখিগুলোকে ঢাকনাযুক্ত বা বন্ধ স্থানে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
আক্রান্ত খামারের পাখি নিধনের পাশাপাশি খামারটি জীবাণুমুক্ত করার কাজও শুরু হয়েছে। এছাড়া পোল্ট্রি খামারিদের জৈব নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সঠিকভাবে প্রস্তুত করা পোল্ট্রি মাংস ও ডিম খাওয়া মানুষের জন্য ঝুঁকিপূর্ণ নয়। মানুষের মধ্যে এই ভাইরাস ছড়ানোর ঝুঁকি কম হলেও বন্য বা অসুস্থ পাখি ধরতে নিষেধ করা হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
আরু|



