ইরানের পক্ষ থেকে নিজের বিরুদ্ধে কোনো ধরনের হত্যাচেষ্টা বা হামলার উদ্যোগ নেওয়া হলে দেশটিকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, এমন পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে আগাম নির্দেশ দেওয়া হয়েছে এবং ইরানের দিকে এক হাজার ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখা হয়েছে।
শনিবার (১১ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরান সরকার যদি বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে (তাকে) হত্যা বা হত্যাচেষ্টার মতো কোনো পদক্ষেপ নেয়, তাহলে তাৎক্ষণিকভাবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে জবাব দেওয়া হবে।
তিনি আরও দাবি করেন, এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ ইতোমধ্যে দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ‘প্রস্তুত, ইচ্ছুক ও সক্ষম’।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, প্রয়োজন হলে দীর্ঘ সময় ধরে সামরিক অভিযান চালিয়ে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে।
তবে ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরান সরকারের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, এমন বক্তব্য ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা, পাল্টাপাল্টি হুমকি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে সম্পর্ক আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা এবং সাম্প্রতিক সংঘাত দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
আরু/


