২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের নাটকীয় পরাজয়ের পর রেফারিং নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। সেই বিতর্কে এবার যোগ দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি দাবি করেছেন, ‘মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে’, অর্থাৎ ম্যাচে মিশর ন্যায্য বিচার পায়নি।
রাউন্ড অব ১৬-এর ম্যাচে মিশর একসময় ২-০ গোলে এগিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় আর্জেন্টিনা। ম্যাচ শেষে রেফারির কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে মিশর শিবির। বিশেষ করে একটি গোল বাতিল এবং সম্ভাব্য একটি পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়।
এ প্রসঙ্গে জোহরান মামদানি বলেন, ‘মিশরের সঙ্গে ডাকাতি হয়েছে।’ তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ফুটবলপ্রেমীও মনে করছেন, বিতর্কিত সিদ্ধান্তগুলো ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে।
এদিকে মিশর ফুটবল অ্যাসোসিয়েশনও ম্যাচ পরিচালনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। সংস্থাটি রেফারিং ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারের বিষয়ে প্রশ্ন তুলেছে এবং বিষয়টি পর্যালোচনার দাবি জানিয়েছে।
অন্যদিকে আর্জেন্টিনা তাদের দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। তবে ম্যাচের ফলের চেয়ে রেফারিং বিতর্কই এখন ফুটবল বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
এ বিষয়ে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
আরু/


