দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছরে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এসব তথ্য জানানো হয়। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাবের ভিত্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৪৪ জন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৭৮ জনে।
একই সময়ে আরও ৯৮৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। এতে চলতি বছরে হামের উপসর্গযুক্ত বা সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জন।
অন্যদিকে, নিশ্চিত হাম ও উপসর্গযুক্ত রোগী মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৭ জনে।
আরু|



