আশি-নব্বইয়ের দশকের লুক এখন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচিত। অনেকেই এআইয়ের সাহায্যে নিজেদের পুরোনো সময়ের আবহে সাজিয়ে ছবি প্রকাশ করছেন। তবে এবার কোনো এআই নয়, বাস্তবেই ছেলেকে নব্বই দশকের নায়কের মতো সাজিয়ে চমকে দিলেন চিত্রনায়িকা পরীমণি।
ফেসবুকে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্যের তিনটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। ছবিতে নীল টি-শার্ট আর নব্বইয়ের দশকের স্টাইলে লম্বাটে ছাঁটের চুলে দেখা যায় ছোট্ট পূণ্যকে।
ছবিগুলোর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘মাই রিয়েল নাইনটিস হিরো’ অর্থাৎ, ‘আমার নব্বই দশকের আসল নায়ক’।
ছবিগুলো প্রকাশের পরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। কেউ পূণ্যকে ভবিষ্যতের ‘হ্যান্ডসাম বয়’ বলে প্রশংসা করেছেন, আবার কেউ তার মধ্যে বাবার ছায়া খুঁজে পেয়েছেন।
শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলে পূণ্যকে নিজের কাছেই বড় করছেন পরীমণি। ২০২৪ সালে তিনি সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাশিশুকে দত্তক নেওয়ার কথাও নিজেই জানিয়েছিলেন। সে সময় পরীমণি বলেছিলেন, নিয়ম মেনেই তিনি প্রিয়মকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছেন।
বর্তমানে পূণ্য ও প্রিয়মকে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী। এর মধ্যেই চলতি সেপ্টেম্বর মাসে পরীমণির কোলে এক নবজাতকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ’
এরপর থেকেই অনেকে ধারণা করছেন, নতুন করে কোনো শিশুকে দত্তক নিয়েছেন তিনি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে পরীমণির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
আরু|



