ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
সোমবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত তুলে ধরেন তিনি।
বাঁধনের অভিযোগ, ভাইয়ের সঙ্গে ভেনিসের একটি পার্কে যাওয়ার সময় একদল বাংলাদেশি তাকে ঘিরে ধরেন। এ সময় তার গায়ে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয়। তার ফোন ফেলে দেওয়া এবং কানের কাছে আঘাত করারও অভিযোগ করেন অভিনেত্রী। ওই সময় তার ভাইয়ের ছোট শিশুও সঙ্গে ছিল বলে জানান তিনি।
বাঁধনের দাবি, হেনস্তাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে আখ্যা দেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে চাপ দেন। ঘটনার ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ফেসবুক লাইভে বাঁধন বলেন, তিনি ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং এ নিয়ে তিনি গর্বিত। তার ভাষ্য, হেনস্তাকারীদের কেউ কেউ নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও কয়েকজনকে বাঁধনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা গেছে। তবে ভিডিওটির পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

বাঁধন আরও বলেন, তিনি বাংলাদেশের একটি সিনেমা নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গেছেন। ওই সিনেমার পরিচালক রুবাইয়াত হোসেন বলেও জানান তিনি।
ঘটনার পর বাঁধন ভেনিসের একটি থানায় অভিযোগ করেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় রাজপথে সক্রিয় ছিলেন বাঁধন। ওই সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলেছিলেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, সেই রাজনৈতিক অবস্থানের কারণেই ভেনিসে তাকে হেনস্তার ঘটনা ঘটেছে।
আরু|



