প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধে আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী। তবে তাঁর এই দাবির মধ্যেই সামনে এসেছে ভিন্ন এক তথ্য_নিজের ফেসবুক পোস্টে তিনি রোমান্টিক ঘরানার সিনেমা দেখার কথা জানিয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা ও নানা প্রশ্ন।
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন দেশের নাটক ও সিনেমায় প্রেম-রোমান্সের আধিক্য নিয়ে আপত্তি জানিয়েছেন।
গত ২৭ আগস্ট সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো আইনি নোটিশে প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
আইনি নোটিশে মামুন উল্লেখ করেন, এসব কনটেন্টের আধিক্য দেশের সাংস্কৃতিক ভারসাম্য নষ্ট করছে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা ও ভবিষ্যৎ ক্যারিয়ার থেকে মনোযোগ বিচ্যুত হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি। কিছু নাটক ও সিনেমায় পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকভাবে উপস্থাপনের বিষয়েও আপত্তি জানান এই আইনজীবী।
তবে তাঁর দাবিকে ঘিরে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে তাঁর নিজের ফেসবুক পোস্ট। সেখানে দেখা যায়, ২০২৫ সালের ৫ আগস্ট ভারতের রোমান্টিক ড্রামা সিনেমা ‘রাধে শ্যাম’ দেখার কথা জানিয়েছিলেন তিনি। এর আগে একই বছরের ৯ মে হলিউডের রোমান্টিক ফ্যান্টাসি সিনেমা ‘স্টারডাস্ট’ দেখার বিষয়েও পোস্ট করেছিলেন মামুন।
অবশ্য তাঁর আইনি নোটিশে শুধু প্রেমের গল্প কমানোর দাবি জানানো হয়নি। বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাভিত্তিক নাটক-সিনেমা নির্মাণে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে।
প্রেম ও রোমান্সনির্ভর সিনেমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ চাওয়া এবং একই সঙ্গে নিজের রোমান্টিক সিনেমা দেখার তথ্য সামনে আসায় বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা।
কেউ বিষয়টিকে দ্বৈত অবস্থান হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন_কোনো ঘরানার সিনেমা দেখা আর সেই ঘরানার আধিক্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া এক বিষয় নয়।
আরু|



