যেখানেই যান, সেখানেই ভক্ত-দর্শকদের নজর কাড়েন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এবার ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর চূড়ান্ত পর্বে তার পোশাক ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন উর্বশী। এ সময় তার পরনে ছিল ভারতের জাতীয় পতাকার রং গেরুয়া, সাদা ও সবুজের সমন্বয়ে তৈরি একটি জমকালো পোশাক। পোশাকটির মাঝখানে ছিল নীল রঙের অশোকচক্র। এর সঙ্গে ছিল রুপালি ঝালর, বড় দুল, চুড়ি ও ভারী আংটি।
উর্বশী নিজেই জানান, তার পোশাকটি ভারতের জাতীয় পতাকা থেকে অনুপ্রাণিত। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি বলেছিলাম, আমিই ভারত। তাই আজ সত্যিই আমার নিজেকে ভারত মনে হচ্ছে।”
তবে অভিনেত্রীর এই বক্তব্য ও পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই জাতীয় পতাকার রং ও অশোকচক্রকে এভাবে পোশাকে ব্যবহার করাকে ভালোভাবে নেননি। কেউ কেউ দাবি করেছেন, এতে ভারতের জাতীয় পতাকার অসম্মান হয়েছে।
‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’ উর্বশীর জন্য ছিল বিশেষ আবেগের একটি মুহূর্ত। কারণ একসময় তিনিও ছিলেন সুন্দরী প্রতিযোগিতার মঞ্চের প্রতিযোগী। এবার সেই মঞ্চেই বিচারকের আসনে বসেছেন তিনি।
অনুষ্ঠানে সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের উপস্থিতিও উর্বশীকে আবেগপ্রবণ করে তোলে। ২০১৫ সালের একটি সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে সুস্মিতা সেনই উর্বশীর মাথায় মুকুট পরিয়েছিলেন। এবার একই মঞ্চে বিচারকের দায়িত্ব পালন করে পুরোনো সেই স্মৃতিও ফিরে আসে অভিনেত্রীর মনে।
তবে আবেগঘন এই আয়োজনের মধ্যেই জাতীয় পতাকার আদলে পোশাক পরাকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় উঠে এসেছেন উর্বশী রাউতেলা।
আরু|



