আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার সাফল্যের ধারাবাহিকতায় এবার ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে (বিআইএসএফএফ) পুরস্কৃত হয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’।
উৎসবের ১৬তম আসরের ‘এশিয়ান আই কম্পিটিশন’ বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটি।
‘আলী’র এই অর্জনের সুখবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন সিনেমাটির প্রযোজক তানভীর হোসেন।
তিনি জানান, বেঙ্গালুরু আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ‘এশিয়ান আই প্রতিযোগিতা’ বিভাগে বিজয়ী হয়েছে ‘আলী’। একই সঙ্গে উৎসবের আয়োজক, জুরি বোর্ডের সদস্য এবং সিনেমাটির পুরো দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
নির্মাতা আদনান আল রাজীবও প্রযোজকের পোস্টের মন্তব্যে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
‘আলী’র গল্প গড়ে উঠেছে উপকূলীয় অঞ্চলের এক কিশোরকে ঘিরে। সামাজিক ও সাংস্কৃতিক নানা বাধার মধ্যেও সংগীতের জগতে নিজের পরিচয় তৈরি করতে চায় সে। প্রচলিত লিঙ্গবৈষম্য, সামাজিক বিধিনিষেধ ও সাংস্কৃতিক বাধার বিরুদ্ধে দাঁড়িয়ে ব্যক্তিস্বাধীনতার স্বপ্ন দেখার গল্পই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। নাম ভূমিকায় অভিনয় করেছেন আল-আমিন।
এর আগে ২০২৫ সালের কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘স্পেশাল মেনশন’ অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে ‘আলী’। কানের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া এবং পুরস্কার অর্জনের মাধ্যমে সিনেমাটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন ইতিহাস তৈরি করে।
পরে মেলবোর্ন ও টরন্টোসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয় সিনেমাটি।
কানের পর এবার ভারতের বেঙ্গালুরুতে সেরা চলচ্চিত্রের পুরস্কার জয় ‘আলী’র আন্তর্জাতিক সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। একই সঙ্গে বাংলাদেশের স্বাধীন ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্যও এই অর্জনকে দেখা হচ্ছে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে।
আরু|



