বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য জিমিন-এর ব্যবহৃত একটি শার্ট আন্তর্জাতিক এক দাতব্য নিলামে রেকর্ড দামে বিক্রি হয়েছে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত এই নিলামে শার্টটির দাম উঠেছে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৩৫ লাখ টাকার বেশি।
আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিজ অকশন হাউস আয়োজিত ‘ওয়ান গোল: অ্যান অকশন টু বেনিফিট দ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’ শীর্ষক অনলাইন নিলামটি এক সপ্তাহ ধরে চলে। বুধবার শেষ হওয়া এই নিলামে ফুটবল ও সংগীতজগতের তারকাদের ব্যবহৃত বিভিন্ন স্মারক বিক্রি করা হয়।
নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া দুটি স্মারকের একটি ছিল বিশ্বকাপ ফাইনালে ব্যবহৃত ম্যাচ বল, অন্যটি ছিল জিমিনের পরা শার্ট। দুটি স্মারকই সমান ১ লাখ ১০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
নিলামে বিটিএস সদস্যদের ব্যবহৃত পোশাক ও আনুষঙ্গিক সামগ্রী ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যায়। ব্যান্ডটির বিভিন্ন স্মারক বিক্রি করে মোট ৩ লাখ ৩০০ মার্কিন ডলার আয় হয়েছে, যা পুরো নিলামের মোট আয়ের প্রায় ৪৬ শতাংশ।
এ ছাড়া বিটিএস সদস্যদের ব্যবহৃত আরও কয়েকটি সামগ্রীও উচ্চমূল্যে বিক্রি হয়েছে। এর মধ্যে ভি-এর স্কার্ফ ৪৬ হাজার ২০০ ডলারে, জাংকুকের জ্যাকেট ৪৬ হাজার ২০০ ডলারে, সুগার প্যান্ট ৩৩ হাজার ডলারে, জে-হোপের গ্লাভস ২৮ হাজার ৬০০ ডলারে, আরএমের বুট ১৯ হাজার ৮০০ ডলারে এবং জিনের বেল্ট ১৬ হাজার ৫০০ ডলারে বিক্রি হয়েছে।
এ ছাড়া ফুটবল তারকা লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি ৬৬ হাজার মার্কিন ডলারে এবং বিশ্বখ্যাত সংগীতশিল্পী ম্যাডোনার ব্যবহৃত ও স্বাক্ষর করা গোলরক্ষকের গ্লাভস ৪১ হাজার ৮০০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, পুরো নিলাম থেকে মোট ৬ লাখ ৫২ হাজার ৬৩০ মার্কিন ডলার সংগ্রহ হয়েছে। বিশ্বের ২৪টি দেশের ক্রেতারা এতে অংশ নেন। সংগৃহীত অর্থ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে দেওয়া হবে। এই তহবিলের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
আরু/


