বরাবরের মতোই ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বললেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঈদুল আজহা উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে প্রেম, বিয়ে এবং জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে অকপটে কথা বলেন তিনি।
অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়—নতুন করে প্রেম বা বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না।
জবাবে বাঁধন জানান, গত বছর তার বিয়ের পরিকল্পনা ছিল। এমনকি একজনকে পছন্দও করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সম্পর্কটি আর এগোয়নি।
বাঁধনের ভাষায়, ‘সত্যি বলতে, বিয়ের জন্য একজনকে পেয়েছিলাম। তার পরিবারও আমাকে পছন্দ করত। কিন্তু সে শেষ পর্যন্ত সরে গেছে।’
বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখন আর বিয়ের জন্য উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছেন না। তবে প্রেমের অভিজ্ঞতা যে তার জীবনে ছিল, সেটিও স্বীকার করেছেন এই অভিনেত্রী।
‘প্রেম করার মতো কয়েকজন মানুষ পেয়েছিলাম। একজনের সঙ্গে সম্পর্কও ছিল। কিন্তু বিয়ে করার জন্য উপযুক্ত মানুষটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ’—যোগ করেন তিনি।
নিজের অতীত নিয়েও কথা বলেন বাঁধন। তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে দুইবার বিয়ে করেছি। তাই এবার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকতে চাই।’
আলাপচারিতায় উঠে আসে তার শৈশবের ঈদের স্মৃতিও। বাঁধন জানান, ছোটবেলায় কোরবানির ঈদ মানেই ছিল পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে আনন্দময় সময় কাটানো। মুন্সীগঞ্জের শ্রীনগরে কাটানো সেই দিনগুলোর স্মৃতি এখনো তার মনে উজ্জ্বল হয়ে আছে।



