আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির পাঠ্যসূচিতে চারটি নতুন বই যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পাঠ্যক্রমে যুগোপযোগী পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যক্রমে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি চর্চা অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা এবং ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক শিক্ষা যুক্ত করা হচ্ছে। এসব বিষয় নিয়ে চারটি নতুন বই আগামী বছর শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।
তিনি জানান, পাঠ্যক্রমের যেসব ক্ষেত্রে আরও সংস্কার ও পরিমার্জনের প্রয়োজন রয়েছে, সেগুলো পর্যায়ক্রমে ২০২৮ সাল থেকে কার্যকর করা হবে।
শিক্ষার পাশাপাশি খেলাধুলার প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। খেলাধুলায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
জাতীয় পর্যায়ের এই ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
এবারের জাতীয় প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দেশের চারটি অঞ্চল থেকে বাছাই করা মোট ৪০৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। সাঁতার, দাবা, কাবাডি ও হ্যান্ডবল, এই চারটি ডিসিপ্লিনে তারা প্রতিদ্বন্দ্বিতা করছে।
আরু|



