শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা সাত দিনের ছুটি পাচ্ছে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা। দুর্গাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এ সুযোগ তৈরি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার হওয়ায় রয়েছে সাপ্তাহিক ছুটি। ফলে ১৮ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা সাত দিন ছুটি কাটাতে পারবেন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা।
একইভাবে, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটির তালিকাতেও দুর্গাপূজা উপলক্ষে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের ছুটি রয়েছে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রাথমিকের শিক্ষার্থীরাও টানা সাত দিনের ছুটি পাবেন।
এদিকে, সরকারি চাকরিজীবীদের জন্যও দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটি রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি এবং প্রযোজ্য ক্ষেত্রে ঐচ্ছিক ছুটি যুক্ত করে টানা ছুটি কাটানোর সুযোগ থাকছে। তবে তাদের ছুটির মোট মেয়াদ নির্ভর করবে ঐচ্ছিক ও অতিরিক্ত ছুটি নেওয়ার ওপর।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এতে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটির তারিখ পরিবর্তন করা হলেও দুর্গাপূজার ছুটিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
আরু|



