এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষায় রয়েছেন দেশের প্রায় ১৮ লাখ ৫৭ হাজার পরীক্ষার্থী ও তাদের অভিভাবক। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো ফল প্রকাশ না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়লেও শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ফল প্রকাশের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৩০ জুলাই ফল প্রকাশ করা হতে পারে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ২৭ থেকে ২৮ জুলাইয়ের মধ্যে ফলাফল প্রস্তুতের সব কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এরপর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, প্রথমে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে দ্রুত ফল প্রস্তুতের কাজ চলছে এবং শিক্ষা মন্ত্রণালয় যে তারিখ নির্ধারণ করবে, সেদিনই ফল প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রস্তুত করতে পারলে ৩০ জুলাই ফল প্রকাশের সম্ভাবনাই সবচেয়ে বেশি। ২৭ জুলাই সরকারি কর্মসূচি এবং ৩১ জুলাই সাপ্তাহিক ছুটির বিষয়টি বিবেচনায় নিয়েই এই তারিখকে সম্ভাব্য হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা থাকলেও এবার সেই সময়সীমা অতিক্রম হয়েছে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন অংশ নেন। শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, আগের বছরের তুলনায় এবার পরীক্ষাকেন্দ্রে বহিষ্কারের ঘটনাও উল্লেখযোগ্যভাবে কম ছিল।
তবে শিক্ষা মন্ত্রণালয় এখনো ফল প্রকাশের চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। ফলে ৩০ জুলাইকে সম্ভাব্য তারিখ হিসেবে বিবেচনা করা হলেও, সরকারি ঘোষণা না আসা পর্যন্ত শিক্ষার্থীদের অপেক্ষা করতে হবে।
আরু/


