চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসেই দেশের বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৩৮২ কোটি মার্কিন ডলারে। জুলাই ও আগস্টে আমদানি ব্যয় বাড়লেও সে তুলনায় রপ্তানি আয় বাড়েনি। এতে বাণিজ্য ঘাটতির পাশাপাশি সামগ্রিক লেনদেন ও আর্থিক হিসাবেও ঘাটতি বেড়েছে। তবে প্রবাসী আয় বাড়ায় চলতি হিসাবে এখনো উদ্বৃত্ত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ ব্যালান্স অব পেমেন্ট প্রতিবেদনে দেশের বৈদেশিক লেনদেনের এ চিত্র উঠে এসেছে। মঙ্গলবার প্রতিবেদনটি প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-আগস্টে দেশে আমদানি ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ২২০ কোটি ডলার। বিপরীতে রপ্তানি আয় হয়েছে ৮৩৮ কোটি ডলার। ফলে এই দুই মাসে আমদানি ব্যয় রপ্তানি আয়ের চেয়ে ৩৮২ কোটি ডলার বেশি হয়েছে।
গত অর্থবছরের একই সময়ে বাণিজ্য ঘাটতি ছিল ২৯৬ কোটি ২০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৮৫ কোটি ৮০ লাখ ডলার।
এদিকে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশের সামগ্রিক লেনদেন ভারসাম্যে ঘাটতি দাঁড়িয়েছে ৬৯ কোটি ৪০ লাখ ডলারে। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল মাত্র ৫ কোটি ৩০ লাখ ডলার।
একই সময়ে আর্থিক হিসাবেও বড় ঘাটতি দেখা দিয়েছে। জুলাই-আগস্টে আর্থিক হিসাবে ঘাটতি হয়েছে ১১৪ কোটি ২০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ২৩ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে আর্থিক হিসাবের ঘাটতি প্রায় পাঁচ গুণ হয়েছে।
তবে বাণিজ্য ঘাটতির বিপরীতে স্বস্তি দিয়েছে প্রবাসী আয়। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশের চলতি হিসাবে ৫৯ কোটি ৯০ লাখ ডলারের উদ্বৃত্ত রয়েছে। গত অর্থবছরের একই সময়ে এই উদ্বৃত্ত ছিল ১৯ কোটি ৭০ লাখ ডলার।
মূলত রেমিট্যান্সের শক্তিশালী প্রবৃদ্ধিই চলতি হিসাবে উদ্বৃত্ত ধরে রাখতে বড় ভূমিকা রেখেছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্টে দেশে প্রবাসী আয় এসেছিল ৪৯০ কোটি ডলার। চলতি অর্থবছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ৫৮২ কোটি ৬০ লাখ ডলারে। অর্থাৎ এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৯২ কোটি ৬০ লাখ ডলার বা ১৮ দশমিক ৯ শতাংশ।
অর্থনীতিবিদদের দৃষ্টিতে, আমদানি-রপ্তানির ব্যবধান বাড়ায় বাণিজ্য ঘাটতি স্বাভাবিকভাবেই বৈদেশিক লেনদেনে চাপ তৈরি করে। তবে প্রবাসী আয় বাড়তে থাকায় সেই চাপের একটি বড় অংশ সামাল দেওয়া সম্ভব হচ্ছে। এখন আমদানির তুলনায় রপ্তানি আয় কতটা বাড়ানো যায় এবং আর্থিক হিসাবে ঘাটতি কীভাবে কমানো যায়, সেটিই অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
আরু|



