জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে এবার যাত্রীবাহী লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া ২৩ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ২০ পয়সা বাড়ানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ভাড়া বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেন। নতুন ভাড়া ২৩ সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে।
নতুন হারে প্রথম ১০০ কিলোমিটারে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে বেড়ে ৩ টাকা ১৮ পয়সা হয়েছে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭২ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া লঞ্চের সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। সব মিলিয়ে লঞ্চের ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে।
নৌপরিবহনমন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও পরিচালন ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনায় নিয়ে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়াও প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়েছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের নতুন ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা এবং আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
ফলে জ্বালানি তেলের দাম বাড়ার পর সড়কপথের পাশাপাশি নৌপথের যাত্রী পরিবহনেও বাড়তি ভাড়ার চাপ পড়ল।
আরু|



