কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। একই সঙ্গে সার বিতরণ ও মজুত ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম না করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএফএর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ডিলারদের নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা, সার উত্তোলন এবং গুদামে পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি সার আসার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তাকে আগমনি বার্তা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সার বিক্রির ক্ষেত্রে যথাযথভাবে বিক্রয় রেজিস্টার সংরক্ষণ করতে হবে। সরকার নির্ধারিত মূল্যের বাইরে যাতে কোনো কৃষকের কাছে সার বিক্রি না হয়, তা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করতে হবে।
বিএফএ জানিয়েছে, কোনো ডিলার নীতিমালা লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। ফলে সার বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া কোনো কুচক্রী মহল অতিরিক্ত দামে সার বিক্রি করে সেই দায় যেন ডিলারদের ওপর চাপিয়ে দিতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। এ জন্য স্থানীয় কৃষি অফিস ও প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার পরামর্শ দিয়েছে বিএফএ।
সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এসব নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরু|



