মো. নাঈমুর রহমান, নোবিপ্রবি প্রতিনিধিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাষা শহিদ আব্দুস সালাম হল শাখা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এণ্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজুল ইসলাম নিসাদকে সভাপতি ও সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিমন মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহিত সরকার এবং ইংরেজি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলীকে যুগ্ন -সাধারণ সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) নোবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি নাঈম রহমান ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ ভাষা শহীদ আব্দুস সালাম হল শাখার এ কমিটির নাম ঘোষণা করে।
নবনির্বাচিত হল শাখা ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম নিসাদ বলেন, ” শিক্ষা,শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা, বাঙালি জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া সংগঠন, তার জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, তার সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান কমিটি সাফল্যের সাথে অতিবাহিত হয়ে নতুন ইতিহাসের সৃষ্টি করতে সক্ষম হয়েছে ও তার ধারাবাহিকতায় ভাষা শহীদ আব্দুস সালাম হল ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির পক্ষ থেকে সকল আবাসিক শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা ভাষা শহীদ আব্দুস সালাম হল কে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের হলগুলোর চেয়ে অন্যতম একটি স্মার্ট এবং আধুনিক হল হিসেবে রুপান্তর করতে চাই। যেখানে সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগ কাঁধে কাঁধ মিলিয়ে চলবে এবং জয় বাংলার স্লোগান দিবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এগিয়ে আসবে”।
নবনির্বাচিত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিমন মিয়া বলেন, শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার অন্তর্গত ভাষা শহিদ আব্দুস সালাম হলের প্রতিষ্ঠাকালীন কমিটি প্রদান করার জন্য আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই অত্র বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি নাঈম রহমান ভাই ও বিপ্লবী সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ ভাইর প্রতি।আমাদের বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্মার্ট ও সুসংগঠিত ছাত্রলীগ গড়ার অঙ্গিকারের ধারাবাহিকতায় আমরা আমাদের ভাষা শহিদ আব্দুস সালাম হলকেও একটি স্মার্ট ও সুসংগঠিত ইউনিট হিসেবে গড়ে তুলতে চাই।ইতোমধ্যেই দায়িত্ব গ্রহনের পরেই আমরা হলের ছাত্রলীগের কর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছি এবং হলের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবীগুলো আমরা সম্মানিত হল প্রভোস্টকে জানিয়েছি।আমরা সেই সকল সমস্যা সমাধানে বদ্ধপরিকর।


