১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে বর্তমান সময়ের তুলনা করে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রোববার (৮ নভেম্বর) ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নিতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন, তখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তার অভিযোগ, ভারতে অবস্থান করে শেখ হাসিনা এই ষড়যন্ত্রের সূচনা করেছেন। আর বাংলাদেশে বসে জামায়াতে ইসলামী সেই চক্রান্তের সঙ্গে যুক্ত হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেওয়া উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে থাকতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, বৃক্ষরোপণ এবং খাল ও নদী খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
রাশেদ খাঁনের ভাষ্য, বিএনপি সরকার ধাপে ধাপে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এমন সময়ে দেশের স্বাধীনতাবিরোধী চক্র এবং অতীতে জনগণের ওপর গুলি চালিয়ে হত্যার সঙ্গে জড়িত শক্তিগুলো আবারও সক্রিয় হচ্ছে।
অতীতের গুম, খুন ও ক্রসফায়ারের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, যারা একসময় জনগণের ওপর এসব নির্যাতন চালিয়েছে, তাদের রাজনৈতিক শক্তিগুলো এখন এক জায়গায় আসছে।
১৯৯৬ সালের রাজনৈতিক সমীকরণের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, ‘৯৬-এর মতো আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে।’
তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণকে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।
আরু|



