বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ঘিরে তৈরি হয়েছে সাইবার নিরাপত্তা শঙ্কা। অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে হ্যাকাররা। শুধু তাই নয়, অ্যাকাউন্টটি ব্যবহার করে ক্রিকেটার, বোর্ড কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাঠানো হচ্ছে সন্দেহজনক বার্তা। এসব বার্তায় রয়েছে ক্রিপ্টোকারেন্সি, অনলাইন বেটিং ও ফিশিং ওয়েবসাইটের লিংক।
বিসিবির তথ্য অনুযায়ী, গত রোববার (১ নভেম্বর) রাতে তাদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হ্যাকিংয়ের চেষ্টা শুরু হয়। এরপর থেকে দফায় দফায় অ্যাকাউন্টটিতে অননুমোদিতভাবে প্রবেশের চেষ্টা চলছে। পরিস্থিতি বিবেচনায় ক্রিকেটসংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
সোমবার (২ নভেম্বর) বিকেলে বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় বিষয়টি জানানো হয়।
বোর্ড জানিয়েছে, অ্যাকাউন্টটি থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অননুমোদিত বার্তা পাঠানো হচ্ছে। এর লক্ষ্যবস্তু হচ্ছেন ক্রিকেটার, বিসিবির কর্মকর্তা এবং ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
এসব বার্তায় অবৈধ ক্রিপ্টোকারেন্সি ও অনলাইন বেটিংসংক্রান্ত ওয়েবসাইটের লিংকের পাশাপাশি ফিশিং লিংকও রয়েছে। এসব লিংকের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড কিংবা অ্যাকাউন্টে প্রবেশের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার ঝুঁকি রয়েছে।
এমন পরিস্থিতিতে বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আসা কোনো লিংকে ক্লিক না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বোর্ড। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্টটি থেকে পাওয়া কোনো লিংক খোলা কিংবা সেগুলোর সঙ্গে যুক্ত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিসিবির সতর্কবার্তায় বলা হয়েছে, সন্দেহজনক বার্তাগুলো উপেক্ষা করতে হবে। পাশাপাশি এসব লিংকের মাধ্যমে কোনো ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড কিংবা লগইনসংক্রান্ত গোপন তথ্য শেয়ার করা যাবে না।
এদিকে, অ্যাকাউন্টটি পুনরুদ্ধার এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিসিবি। অ্যাকাউন্টটি পুরোপুরি সুরক্ষিত হওয়ার পর এ বিষয়ে পরবর্তী তথ্য জানানো হবে।
তবে এখন পর্যন্ত হ্যাকাররা অ্যাকাউন্টটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পেরেছে কি না, কতজনের কাছে সন্দেহজনক বার্তা পাঠানো হয়েছে কিংবা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানায়নি বোর্ড।
ক্রিকেটসংশ্লিষ্টদের কাছে বিসিবির এই সতর্কবার্তা তাই বিশেষ গুরুত্ব বহন করছে। অ্যাকাউন্টটি পুরোপুরি নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত সেখান থেকে আসা কোনো বার্তা বা লিংকে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
আরু|



