ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সিনেমাটিতে শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কিনজা হাশমিকে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে সম্ভাব্য নায়িকা হিসেবে তাঁর নাম ছড়িয়ে পড়ার পর থেকেই বিনোদন অঙ্গনে চলছে আলোচনা।
শাকিবের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে পারেন যে অভিনেত্রী, কে এই কিনজা হাশমি? কীভাবে শুরু হয়েছিল তাঁর অভিনয়জীবন?
পাকিস্তানের লাহোরে বেড়ে ওঠা কিনজা হাশমি ২০১৪ সালে বিনোদনজগতে পা রাখেন। অভিনয়ে আসার আগে টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে মডেলিংয়ের পাশাপাশি রেডিও জকি হিসেবেও কাজ শুরু করেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। পরিবারের কেউ বিনোদন অঙ্গনের সঙ্গে যুক্ত না থাকলেও নিজের প্রচেষ্টায় ধীরে ধীরে পরিচিতি গড়ে তোলেন এই অভিনেত্রী।
কিনজার অভিনয়জীবনে উল্লেখযোগ্য মোড় আসে ২০১৮ সালে। ওই বছর প্রচারিত পাকিস্তানি টেলিভিশন ধারাবাহিক ‘ইশক তামাশা’তে রুশনা চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। নেতিবাচক চরিত্রে অভিনয়ের জন্য হুম অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়নও পান।
এরপর একের পর এক জনপ্রিয় টেলিভিশন নাটকে অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন কিনজা। তাঁর অভিনীত নাটকের তালিকায় রয়েছে ‘গুল-ও-গুলজার’, ‘দিওয়ার-ই-শাব’, ‘সংসার’, ‘ফারায়েব’, ‘দলদল’, ‘সিরাত’, ‘মোহলত’ ও ‘হুক’। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। ‘কাট্টার করাচি’ ও ‘শারোজ’ তাঁর অভিনীত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য।
এবার শাকিব খানের বিপরীতে অভিনয়ের গুঞ্জনে বাংলাদেশেও আলোচনায় উঠে এসেছেন এই পাকিস্তানি অভিনেত্রী। সবকিছু চূড়ান্ত হলে দুই দেশের দুই তারকাকে একই সিনেমায় দেখার সুযোগ পাবেন দর্শক।
পরিকল্পনা অনুযায়ী, ‘মহব্বত’ সিনেমাটি ২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তি দেওয়ার কথা রয়েছে। তবে কিনজা হাশমিই শেষ পর্যন্ত শাকিবের নায়িকা হচ্ছেন কি না, কিংবা সিনেমাটির অন্যান্য শিল্পী ও নির্মাণসংক্রান্ত বিস্তারিত কী হবে, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি। ফলে গুঞ্জনের অবসান ঘটাতে এখন অপেক্ষা নির্মাতাদের ঘোষণার।
আরু|



