দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি দেশের বর্তমান পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ভিডিওবার্তায় হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মানুষের মন খারাপ করারও অধিকার নেই। কেউ মন খারাপ করলেও তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে আলোচনা না করে একাধিকবার জ্বালানি তেলের দাম বৃদ্ধি, নিত্যপণ্যের উচ্চমূল্য, নাগরিক জীবনে নিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাস্তাঘাটে আবারও ভয়ের সংস্কৃতি ফিরে আসছে বলেও মন্তব্য করেন তিনি।
এসব পরিস্থিতির প্রতিবাদ জানাতেই শাহবাগে সমাবেশের আয়োজন করা হয়েছে উল্লেখ করে এনসিপির এ নেতা বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি সুস্থ, সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ লড়াইয়ে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও কামনা করেন তিনি।
শুক্রবার বিকেল ৩টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ।
আরু|



