কক্সবাজার সমুদ্রসৈকতে জোয়ারের পানিতে আটকা পড়ে নিখোঁজ হওয়া পর্যটকদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) ও বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুই দিনে এসব মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জীবিত উদ্ধার হয়েছেন আরও তিনজন।
সর্বশেষ বৃহস্পতিবার রাত ৮টার দিকে কক্সবাজারের কলাতলী এলাকার ভাঙ্গার মোড়সংলগ্ন সৈকত থেকে নাফিসুল হক নিবিড় (২২) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার প্রায় ২৮ ঘণ্টা পর তার মরদেহ পাওয়া যায়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করা মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা দূরের সৈকতে ভেসে আসে আরও এক পর্যটকের মরদেহ। স্বজনেরা প্রাথমিকভাবে মরদেহটি চট্টগ্রামের বায়েজিদ এলাকার মোহাম্মদ কবিরের ছেলে মোহাম্মদ হারুনের বলে শনাক্ত করেন।
দুর্ঘটনার পর প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন- ঢাকার উত্তরার দিয়াবাড়ির বাসিন্দা রোহান (২৩) ও শহীদুল ইসলাম জিসান (২৩) এবং চট্টগ্রামের বায়েজিদ এলাকার মোহাম্মদ আকাশ (২১)।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জিল্লুর রহমান জানান, বুধবার বিকেলে হিমছড়ি এলাকার মারিনা রিসোর্টসংলগ্ন সৈকতে গোসলে নেমে বেশ কয়েকজন পর্যটক নিখোঁজ হন। পর্যটকদের দুটি পৃথক দল হিমছড়ির পেঁচারদ্বীপ জাদুঘরসংলগ্ন রেজু খাল পেরিয়ে সমুদ্র ও খালের মোহনায় জেগে ওঠা একটি বালুচরে বেড়াতে গিয়েছিলেন।
বিকেলের দিকে পূর্ণ জোয়ার শুরু হলে বালুচরটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যেতে থাকে। তবে পর্যটকেরা পরিস্থিতির পরিবর্তন বুঝতে পারেননি। একপর্যায়ে পুরো বালুচর পানিতে ডুবে গেলে দুই দলের সদস্যরা সমুদ্রের পানিতে আটকা পড়েন।
এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া তিনজন হলেন চট্টগ্রামের বায়েজিদ এলাকার রাকিব হাসান ও মো. সানী এবং একই এলাকায় বসবাসকারী নোয়াখালীর মোহাম্মদ আকাশ।
হাসপাতালে চিকিৎসাধীন সানী ও আকাশ জানান, বুধবার দুপুর ১২টার দিকে ট্রেনে কক্সবাজারে পৌঁছে তারা পেঁচারদ্বীপে আগে থেকে বুকিং করা একটি রিসোর্টে ওঠেন। বিকেল সাড়ে ৩টার দিকে রেজু খাল পেরিয়ে তারা বালুচরে যান। একই সময়ে ঢাকা থেকে আসা আরেকটি পর্যটক দলও সেখানে অবস্থান করছিল। পরে হঠাৎ জোয়ারের পানি বেড়ে গেলে তারা বিপদে পড়েন।
কক্সবাজারের এ ঘটনায় দুই দিনে পাঁচ পর্যটকের মৃত্যু হয়েছে। সমুদ্র ও খালের মোহনায় জোয়ারের সময় বালুচরে আটকে পড়াই এ দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছে।
আরু|



