চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামে জেলা যুব মহিলা লীগের এক নেত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বুধবার রাতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানা বেগমকে আটক করা হয়েছে। বিজিবির জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ হিসেবে পরিচয় দিয়েছেন।
বিজিবির প্রাথমিক তথ্য অনুযায়ী, সুলতানা বেগমের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নাশকতার একটি মামলা রয়েছে। তবে মামলাটির বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেয়ালা কলোনি এলাকার জুলমত আলীর মেয়ে।
এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, বিজিবি তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
আরু|



