প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। সফরকালে সুন্দরবনের হিরণ পয়েন্ট ও সংলগ্ন এলাকা পরিদর্শনের পাশাপাশি মোংলা বন্দরের কার্যক্রম এবং প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন ঘুরে দেখবেন তিনি।
এ ছাড়া মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত একটি সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের বরাত দিয়ে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন তিনি। সকাল ৯টায় হেলিকপ্টারে করে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। সকাল ১০টার দিকে আকাশপথে হিরণ পয়েন্ট ও আশপাশের সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন তিনি।
পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। পরে সড়কপথে লঞ্চঘাটে গিয়ে নৌপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন।
দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছে ওয়ার্ডরুমে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মধ্যাহ্নবিরতির পর বেলা ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে আয়োজিত সভায় অংশ নেবেন তিনি।
বিকেল ৩টার দিকে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে। এরপর বিকেল ৩টা ১৫ মিনিটে প্রস্তাবিত বেজা ইকনোমিক জোন এলাকা ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী।
দিনব্যাপী কর্মসূচি শেষে বিকেল ৪টায় মোংলার হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি। বিকেল ৫টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের স্বাক্ষরিত পত্রে সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের থাকার কথা জানানো হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিয়েছে।
সুন্দরবন পরিদর্শন, মোংলা বন্দরের কার্যক্রম পর্যবেক্ষণ এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখার মধ্য দিয়ে এ সফরে উপকূলীয় অঞ্চলের পরিবেশ, বন্দর কার্যক্রম ও অর্থনৈতিক উন্নয়নসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে।
আরু|



