রাজধানীর নিউগিনি আবাসন প্রকল্পে হামলার মামলায় জামিনে থাকা আসামিদের বিরুদ্ধে এবার প্রতিষ্ঠানটির মালিক মো. নাজিম উদ্দিন ভূঁইয়াকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিজের নিরাপত্তা চেয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
নাজিম উদ্দিনের অভিযোগ, গত ১৭ অক্টোবর বেলা ১১টার দিকে রাজধানীর ইসিবি চত্বরের সিটি কাবাব হোটেলের পেছনে মো. শাহরিয়ার মাহমুদ, মো. আবুল কাশেম, বাবুলসহ চার ব্যক্তি তাঁর ওপর চড়াও হন। এ সময় তাঁকে অশ্রাব্য ভাষায় গালাগাল করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ঘটনার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নিউগিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় করা মামলায় শাহরিয়ার মাহমুদ আগে গ্রেপ্তার হয়েছিলেন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। একই মামলার আরেক আসামি আবুল কাশেম উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন। বাবুলও ওই মামলার আসামি।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, হত্যার হুমকির অভিযোগে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় প্রকল্প এলাকায় থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিশ’ স্টুডিওতেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ঘটনার পর সালমান মুক্তাদির একটি ভিডিও প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
ওই হামলার ঘটনায় করা মামলার তদন্তে উঠে আসা তথ্যের বরাতে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এক কোটি টাকার বিনিময়ে হামলা চালাতে একটি দল ভাড়া করার অভিযোগ রয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ভাষানটেক থানা বিএনপির আহ্বায়ক মো. ইব্রাহিমের বিরুদ্ধে অর্থের বিনিময়ে লোক পাঠিয়ে হামলা করানোর অভিযোগ উঠেছে। এতে মিরপুরের মামুন বাহিনীর সদস্যদেরও সম্পৃক্ততার কথা বলা হয়েছে।
তদন্ত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মামলায় গ্রেপ্তার শাহরিয়ার মাহমুদ ও বিকাশ চন্দ্র সরকারকে জিজ্ঞাসাবাদে হামলার পরিকল্পনা সম্পর্কে এসব তথ্য পাওয়া যায়।
তাঁদের দেওয়া তথ্যের বরাতে জানা গেছে, ঘটনার দিন দুপুরে ইসিবি চত্বরের একটি খাবারের দোকানে ১৩ জনের বৈঠকে হামলার চূড়ান্ত পরিকল্পনা করা হয়। ওই বৈঠকে শাহরিয়ার মাহমুদ ও বিকাশ চন্দ্র সরকার উপস্থিত ছিলেন বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নিউগিনি আবাসন প্রকল্পে হামলার মামলার তদন্তের মধ্যেই এবার প্রতিষ্ঠানটির মালিককে হত্যার হুমকির অভিযোগ সামনে এসেছে। নতুন এই অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে।
আরু|



