২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ১৬ নভেম্বর থেকে বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ শুরু হবে, যা চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারলে বিলম্ব ফি দিয়ে ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত এ সুযোগ পাওয়া যাবে।
ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষর করেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ নভেম্বর পরীক্ষার্থীদের তথ্যসংবলিত সম্ভাব্য তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ওই তালিকার ভিত্তিতে ১৬ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করা যাবে।
অন্যদিকে, ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সুযোগ থাকবে। এ ক্ষেত্রে পরীক্ষার্থীপ্রতি ১০০ টাকা বিলম্ব ফি দিতে হবে। বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪ নভেম্বর এবং বিলম্ব ফিসহ ফি জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।
বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ফরম পূরণের ফি ২ হাজার ৪৩৫ টাকা। আর ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের পরীক্ষার্থীদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৩১৫ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা যাবে না। কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি জমা দেওয়ার প্রস্তুতি নিতে এবং বিস্তারিত নির্দেশনার জন্য ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট অনুসরণ করতে বলা হয়েছে।
আরু|



