গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আসামি ছিনিয়ে নিতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা ফাঁড়ি ঘেরাও করে ভাঙচুর চালানোর পাশাপাশি আশপাশের বিভিন্ন স্থাপনাতেও হামলা চালায় বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে এ হামলার সঙ্গে মাদক ব্যবসায়ীদের সংশ্লিষ্টতার কথা জানা গেলেও তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আহত পুলিশ সদস্যরা হলেন- উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক।
পুলিশ ফাঁড়ির ইনচার্জের ভাষ্য অনুযায়ী, বিকেলে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ। এর কিছুক্ষণ পর একদল সশস্ত্র ব্যক্তি ফাঁড়িটি ঘেরাও করে হামলা চালায়। এ সময় হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে রামদার আঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন।
তিনি আরও জানান, হামলাকারীরা আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং ফাঁড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। তবে তাদের সেই চেষ্টা সফল হয়নি বলে দাবি করেন তিনি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে একদল যুবককে দেশীয় অস্ত্র হাতে পুলিশ ফাঁড়ি ঘেরাও ও ভাঙচুর করতে দেখা গেছে। ভিডিওতে আশপাশের বিভিন্ন স্থাপনাতেও হামলার দৃশ্য দেখা যায়।
আরু|



