চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে স্টেশনে পৃথক অভিযান চালিয়ে ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভায়াগ্রা ও ইনসুলিনসহ বিভিন্ন ওষুধ, আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, বিদেশি সিগারেট, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ, মুঠোফোন ও মদজাতীয় পানীয়।
বিমানবন্দর থেকে ডাক বাছাই কেন্দ্র হয়ে রেলপথ ব্যবহার করে চট্টগ্রামে পণ্য পাঠানোর মাধ্যমে চোরাচালানের নতুন কৌশলের সন্ধান পেয়েছেন গোয়েন্দারা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ ও ১৪ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে অভিযান চালানো হয়। ১৪ অক্টোবর ইথিওপিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা জাহাঙ্গীর নামের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ভায়াগ্রা ও ইনসুলিনসহ প্রায় ৫৫ কেজি ওষুধ জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধের অনিয়ন্ত্রিত ব্যবহার এবং যথাযথ তাপমাত্রা নিয়ন্ত্রণ ছাড়াই ইনসুলিন পরিবহন জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।
এর আগে, ১৩ অক্টোবর কমলাপুর রেলওয়ে স্টেশনের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ৭ হাজার ৭৮৭ পিস আমদানি-নিষিদ্ধ ‘গৌরি ক্রিম’ ও ৩১টি ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, পণ্যগুলো আকাশপথে দেশে আনার পর বিমানবন্দরের ডাক বাছাই কেন্দ্র এবং কমলাপুরের রেলওয়ে মেইল সার্ভিস (আরএমএস) কেন্দ্র হয়ে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসে (জিপিও) পাঠানোর পরিকল্পনা ছিল।
দুই দিনের অভিযানে সব মিলিয়ে ৫৩১ কার্টন বিদেশি সিগারেট, ৭ হাজার ৭৮৭ পিস নিষিদ্ধ গৌরি ক্রিম, ৬৪ দশমিক ১৮ কেজি নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিম, ৬৮ কেজি অন্যান্য প্রসাধনসামগ্রী এবং ৫৫ দশমিক ৮ কেজি ওষুধ জব্দ করা হয়।
এ ছাড়া ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ৩২টি ল্যাপটপ, তিনটি মুঠোফোন এবং ১৭ লিটার মদজাতীয় পানীয় উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা।
এনবিআর জানিয়েছে, রাজস্ব সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং অবৈধ ও অননুমোদিত পণ্যের বাণিজ্য প্রতিরোধে বিমানবন্দর, ডাক বাছাই কেন্দ্র ও রেলপথে নজরদারি এবং তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
আরু|



