বান্দরবানের লামা থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে চার দিন পর চট্টগ্রাম নগরের খুলশী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে পৃথক দুটি বাসায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের।
উদ্ধার হওয়া তিন কিশোরী হলেন- রেশমি আক্তার (১৭), তানিয়া সুলতানা (১৩) ও হালিমাতুচ্ছ সাদিয়া (১৪)। তারা সবাই বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা মুসলিমপাড়া এলাকার বাসিন্দা। তাদের মধ্যে তানিয়া স্থানীয় ইয়াংছা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তিন কিশোরী।
পরিবারের ভাষ্য অনুযায়ী, স্কুলের সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের কথা বলে প্রথমে রেশমি বাড়ি থেকে বের হয়। পরে অন্য দুই কিশোরীও বাড়ি থেকে বের হলে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে ১৩ অক্টোবর লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তের চেষ্টা চালায়।
একপর্যায়ে বুধবার দিবাগত রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) খুলশী থানা এলাকার ২ নম্বর রোডের একটি বাসা এবং খুলশী টাউন সেন্টারের কনকর্ড টাওয়ারের আরেকটি বাসায় পৃথক অভিযান চালিয়ে তিন কিশোরীকে উদ্ধার করা হয়।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়সার হামিদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, তিন কিশোরী বাসাবাড়িতে গৃহপরিচারিকার কাজের জন্য সেখানে অবস্থান করছিল। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দীর্ঘ উৎকণ্ঠার পর সন্তানদের ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। উদ্ধারে সহযোগিতার জন্য পুলিশের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তারা।
আরু|



