নেপালে আকস্মিক বন্যার কারণে আটকে পড়া ৯ বাংলাদেশি ট্রেকারকে উদ্ধার করে নিরাপদে রাজধানী কাঠমান্ডুতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার তাদের কাঠমান্ডুতে পৌঁছানো সম্ভব হয় বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের তথ্য অনুযায়ী, নেপালের গোর্খা জেলার চুম্নুব্রি এলাকার জগত থেকে মানাসলু বেস ক্যাম্পের দিকে যাওয়ার পথে বুধি গণ্ডকী নদীতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এতে ওই নয়জন বাংলাদেশি ট্রেকার আটকা পড়েন।
পরে নেপাল সরকারের দ্রুত পদক্ষেপ ও সংশ্লিষ্টদের সমন্বিত প্রচেষ্টায় তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় নেপাল সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে ট্রেকারদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে যারা দ্রুত সাড়া দিয়ে মানবিক সহায়তা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে দূতাবাস।
আকস্মিক বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে বিপদে পড়া বাংলাদেশি নাগরিকদের উদ্ধারে নেপাল সরকারের এই সহযোগিতার প্রশংসা করেছে বাংলাদেশ দূতাবাস।
আরু|



