বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বিএনপিকে সেই ভূতে ধরেছে, যে ভূতে একসময় শেখ হাসিনাকে ধরেছিল। সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রব্যবস্থার মেরামত না হলে বর্তমান সাংবিধানিক ব্যবস্থায় পাঁচ বছর ক্ষমতায় থাকলেই যে কেউ আরেকজন শেখ হাসিনায় পরিণত হতে পারেন বলে মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল ও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্মীপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক।
তিনি বলেন, বর্তমান সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংবিধান সংস্কার নিয়ে বিরোধ তৈরি হয়েছে। সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরকার সরে এসে এখন সংশোধনের পথে এগোচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মামুনুল হক আরও বলেন, সংসদ সদস্যরা শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। এতে প্রমাণ হয়, তারা রাষ্ট্রব্যবস্থার মেরামত করতে চান না এবং জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করেন না বলে মন্তব্য করেন তিনি। বিএনপিকে জুলাই বিপ্লবের চেতনায় বিশ্বাসের প্রমাণ দেওয়ার আহ্বানও জানান বাংলাদেশ খেলাফত মজলিসের এই আমির।
দেশের বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতের নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, এসব খাত ভারতীয় সাম্রাজ্যবাদের দালালদের হাতে বন্দি হয়ে পড়েছে।
তিনি বলেন, দেশের অর্থনীতি রক্ষা এবং বিএনপিকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ভবিষ্যৎ রাষ্ট্র গঠনে সংবিধান সংস্কার জরুরি। দলীয়করণমুক্ত বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় পরিবর্তন আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের রায় কার্যকর না করলে বিএনপিকে চরম মাশুল দিতে হবে। তাদের লক্ষ্য একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা।
আরু|



