কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে ধর্ষণ ও হত্যার ঘটনায় এবার কক্সবাজার থেকে আটক করা হয়েছে তাঁর কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন ওরফে রাজুকে।
রোববার রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ। তাজমিনকে কক্সবাজারে নিয়ে যাওয়ার ঘটনায় তাঁর ভূমিকা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টা থেকে ১১টার মধ্যে কলাতলী এলাকায় অভিযান চালিয়ে রাজুকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
পুলিশ জানিয়েছে, তাজমিন হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা এবং তাঁকে কক্সবাজারে নিয়ে যাওয়ার অভিযোগের বিষয়ে রাজুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কুমিল্লার মামলায় তাঁকে আসামি করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন।
সংবাদমাধ্যমে দেওয়া বক্তব্যে রাজু জানিয়েছিলেন, ইনস্টাগ্রামের মাধ্যমে তাজমিনের সঙ্গে তাঁর পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ৬ সেপ্টেম্বর ভোরে তাজমিন কক্সবাজারে পৌঁছালে তাঁরা কলাতলীর একটি আবাসিক হোটেলে অবস্থান করেন বলে দাবি করেন তিনি। পরদিন তাজমিন একাই কুমিল্লার উদ্দেশে রওনা দেন।
এরপর কুমিল্লার লালমাই এলাকায় ধর্ষণ ও হত্যার শিকার হন ১৫ বছর বয়সী এই স্কুলছাত্রী। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
নিহত জান্নাতুল তাজমিন কুমিল্লার লালমাই উপজেলার বাসিন্দা ছিলেন। তাঁর হত্যাকাণ্ডের ঘটনায় সুমনের বিরুদ্ধে আইনি কার্যক্রমের পাশাপাশি রাজুর ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত শেষে এ বিষয়ে আরও তথ্য জানা যেতে পারে।
আরু|



