আসন্ন দুর্গাপূজায় ঘরমুখী ও ভ্রমণপিপাসু যাত্রীদের যাতায়াত সহজ করতে তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে পাঁচটি ট্রেনের নির্ধারিত সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। পূজার ছুটিতে ট্রেনের যাত্রা নির্বিঘ্ন রাখতে অতিরিক্ত কোচ সংযোজন, নিরাপত্তা জোরদার এবং সময়সূচি ঠিক রাখারও উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে আয়োজিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।
যেসব রুটে চলবে বিশেষ ট্রেন
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা স্পেশাল-৩ আগামী ২০ অক্টোবর চলবে। ঢাকা–কক্সবাজার–ঢাকা রুটে ট্যুরিস্ট স্পেশাল-১ ও ট্যুরিস্ট স্পেশাল-২ চলবে ২০, ২৩ ও ২৪ অক্টোবর। এ ছাড়া ঢাকা থেকে চট্টগ্রাম রুটে চট্টগ্রাম স্পেশাল-৪ চলবে ২৪ অক্টোবর।
পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
পূজার সময় যাত্রীদের চাপ সামলাতে কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে। এ ছাড়া জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ প্রত্যাহার করা হয়েছে।
বাড়ছে কোচ, জোরদার হচ্ছে নিরাপত্তা
অতিরিক্ত যাত্রী পরিবহনে পূর্বাঞ্চলের ট্রেনগুলোতে ২৩টি মিটারগেজ কোচ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী ইঞ্জিন সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ জংশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের তদারকি বাড়ানো হবে, যাতে ট্রেনের বিলম্ব কমানো যায়।
এ ছাড়া রেললাইন ও সেতুর নিরাপত্তায় পেট্রোলিং, সিগন্যালিং ব্যবস্থার তদারকি এবং কোচ ও ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ জোরদার করা হবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হবে রিলিফ ট্রেন।
ঢাকা, বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সহযোগিতায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলস্টেশনে ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের ব্যবস্থাও রাখা হবে।
চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধে রেলওয়ের নিরাপত্তাকর্মী ও সংশ্লিষ্ট কর্মীদের নজরদারি বাড়ানো হয়েছে।
দুর্গাপূজায় যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সভায় জানানো হয়।
আরু|



